সরকার শুধু বলার জন্য লকডাউন দিচ্ছে, গত ১ বছরে করোনা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।
সম্প্রতি ইউটিউবে ডয়চে ভেলে বাংলা‘র ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকার তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ড. আলী রীয়াজের সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর ভাইস চ্যান্সেলর মো. শারফুদ্দিন আহমেদ।
ড. আলী রীয়াজ বলেন, সরকার জানুয়ারি মাসে লকডাউন দিতে না পারলে মার্চ মাসে পারে কী করে? বিশেষজ্ঞরা যদি বলে যে, জানুয়ারি মাসে এটি সম্ভব ছিল না, তাহলে এপ্রিল মাসে এটি কী করে সম্ভব হয়? এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘‘তাহলে আমাকে বলতে হবে, আপনি জানুয়ারি মাসেও জানতেন এটি সম্ভব না, এপ্রিল মাসেও জানেন যে, এটি সম্ভব না। বলার জন্য বলছেন। তো বলার জন্য বলছেন, যদি সাধারণ লোকজনের কাছে এ মেসেজটা যায়, তাহলে সে কেন…?
তিনি আরও বলেন, সরকার গত বছরের অভিজ্ঞতার আলোকে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। করোনা মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি আছে। সাধারণ মানুষকে দায়ী না করে এর জন্য প্রস্তুতি নিতে হবে।
এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর ভাইস চ্যান্সেলর মো. শারফুদ্দিন আহমেদ বলেন,
মানুষের মধ্যে ভয় চলে গেছে, যে কারণে তারা আর করোনাকে গুরুত্ব দিচ্ছে না, যে কারণে সরকার কঠোর লকাডাউনের চিন্তা করছে। তবে ৭ দিন বা ১৪ দিন পরও যদি দেখা যায় সংক্রমণ কমছে না, সেক্ষেত্রে লকডাউন বাড়ানোর যেতে পারে।
তিনি আরও বলেন, অনেকের কাছে জীবনের চেয়ে জীবিকা বড় হয়ে উঠেছে। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবস্থা নিয়েছে। তবে করোনা ঠেকাতে মানুষের মধ্যে সচেততা বৃদ্ধি করতেই হবে। করোনা ঠেকাতে এ মহূর্তে কম্পলিট লকডাউন দেয়া উচিত। সূত্র: ডয়েচে ভেলে।
বার্তা বাজার/এসজে