গাদাগাদি করে যাত্রী পরিবহন, টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে পুলিশ!

রাজধানীর প্রবেশ পথগুলোর মধ্যে একটা হচ্ছে উত্তরা ও গাজীপুর। সরকারের নির্দেশনা মতে শুধু মাত্র মহানগরে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে পারবে গণপরিবহন। কিন্তু কিছু চালক বিভিন্ন জেলা ও উপজেলাতেও যাত্রী নিয়ে রাজধানী থেকে বের হচ্ছেন।

কতিপয় বাস ও মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রি পরিবহন করা হচ্ছে ইচ্ছামত। তল্লাশি করে তাদেরকে ধরাও হচ্ছে। কিন্তু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় গাড়িতে তল্লাশি চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। তখন চাপাচাপি করে যাত্রী পরিবহন করায় ৪টি মাইক্রোবাস ও ২টি বাস আটক করা হয়। কিছু সময় গাড়ি গুলোকে আটকে রেখে ছেড়ে দেন কর্মরত ট্রাফিক সার্জেন্ট রকি।

মাইক্রোবাসটির চালক সুজন বলেন, আমার গাড়ির সকল কাগজ ঠিক আছে কিন্তু গাদাগাদি করে যাত্রী তোলায় জন্য গাড়ি আটক করা হয়। পরে এক হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়েছে, কোনো মামলা দেয়নি।

যাত্রীরা জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর ১৫০ টাকা ভাড়া দিয়েছেন। করোনায় গণপরিবহন তুলনামূলক কম থাকায় যাত্রীরাও বিপাকে পড়েছেন।

তবে অভিযুক্ত সার্জেন্ট রকি অভিযোগ অস্বীকার করে বলেন, বাস ও মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে চালকরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা-পূর্ব জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী হানিফুল ইসলাম সারাবাংলাকে জানান, ট্রাফিকের কোনো কর্মকর্তার অনিয়ম ছাড় দেওয়া হবে না। গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী নেওয়ার বিষয়েও অভিযান অব্যাহত থাকবে। সূত্র-সারাবাংলা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর