রাঙামাটি শহর থেকে লাখ টাকার টিসিবি পণ্য উদ্ধার করেছে কোতায়ালি থানা পুলিশ। শনিবার (১০ এপ্রিল) সকালে শহরের স্টেডিয়াম এলাকায় অন্ধকারাচ্ছন্ন স্টেডিয়ামের সিঁড়ির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় টিসিবি পণ্য ডাল, চিনি, ছোলা, সয়াবিন তেল, ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে।
সরকারিভাবে বরাদ্দকৃত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য নির্জন স্থানে কে-বা কারা মজুদ করে রেখেছিলো তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
কোতোয়ালি থানা পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় দুইশো বোতল দুই লিটার সয়াবিন তেল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পিয়াজ ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পণ্যগুলো উদ্ধার করেছি। তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, রাঙামাটি শহরে টিসিবি পণ্য বিক্রয়কারি ডিলার জিল্লুল মজুমদার জানিয়েছেন, শনিবার সকালে আমি টিসিবি’র পণ্য উদ্ধারের খবরটি পাই। সাথে সাথে আমি গোডাউনে গিয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা।
তিনি জানান, তার গুদাম থেকে উক্ত পণ্যগুলো কে-বা কারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান।
জিল্লুল মজুমদার জানান, গত বৃহস্পতিবার তিনি প্রায় আড়াই লাখ টাকার পণ্য চট্টগ্রাম টিসিবি কেন্দ্র থকে ক্রয় করে রাঙামাটিতে এনেছিলেন। আজ শনিবার সেগুলো রাঙামাটি শহরে বিক্রি করার কথা ছিলো।
বার্তাবাজার/ই.এইচ.এম