আ. লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসস্থান হতে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর নাম হাসান আলী (৪৫)।

জানা যায়, নিহত ব্যবসায়ী জেলা শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে। তিনি জেলা শহরের স্টেশন এলাকায় জুতার ব্যবসা করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাসায় একজনের লাশ ঝুলে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য, বেশ কিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এ নিয়ে সদর থানায় সালিসও হয়েছে। শেষ পর্যন্ত আজ তাঁর বাসা থেকে লাশ উদ্ধার করা হলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর