আসছে কঠোর লকডাউন: মার্কেটের ভিড়ে নেই ‘কোমলতা’
কঠোর লকডাউন শব্দটির সাথে দেশের মানুষ নতুন করে পরিচিত হলেও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়া হবে এই ঘোষণা শুনে কেনাকাটার জন্য দেশের বিপণিবিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এসময় মার্কেটে আসা লোকজনের মুখে নামেমাত্র মাস্ক দেখা গেলেও স্বাস্থ্যবিধি মানায় কোনো আগ্রহ দেখা যায়নি।
পছন্দের পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী কার আগে কে কিনবেন এই নিয়ে তাদের মধ্যে চলছে দারুণ প্রতিযোগীতা। শপিংমল খোলার দ্বিতীয় দিনে শনিবার (১০ এপ্রিল) সকাল থেকেই নিউমার্কেট এলাকার ফুটপাত ও বিপণিবিতানে বাড়তে থাকে ক্রেতাসমাগম।
সকাল গড়িয়ে দুপুর হতে থাকলে মার্কেটে ভিড় বাড়তে থাকে। আর ভিড়ের চাপে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি ব্যবস্থা। মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক টানেল থাকলেও তা ব্যবহারে চরম অনীহা দেখা যায় ক্রেতা-দর্শনার্থীদের। আবার বিপণিবিতানের ভেতরে মাস্ক ছাড়া দেখা যায় বিক্রয় কর্মীদেরও। ক্রেতাদের অনেকেরই দাবি, অনেকটা বাধ্য হয়ে এসেছেন কেনাকাটা করতে।
শুক্রবার (৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে ৭ দিন পরিপূর্ণভাবে কার্যকর করা হবে লকডাউন। লকডাউনের বিষয়ে আগামী রোববার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হবে। এবারের লকডাউনে জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসজে