বিপ্লবীদের হামলায় মিয়ানমারের ১০ স্বৈরাচারী পুলিশ নিহত

মিয়ানমারে বিপ্লবী গণতন্ত্রকামীদের সশস্ত্র হামলায় পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন। সেনাশাসন বিরোধী এই গোষ্ঠির মানুষজন শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় ভোরবেলায় দেশটির শান প্রদেশের নাউংমন অঞ্চলের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে তাদের হত্যা করে।

রয়টার্সের এক খবরে বলা হয়, হামলাকারীদের মধ্যে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলায় দশজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুয়ি ফি মিয়ায় নামে অপর একটি সংবাদ সংস্থা নিহত পুলিশ সদস্যের সংখ্যা ১৪ বলে জানিয়েছে।

এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির প্রথম দিনে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান অং সান সু চির নির্বাচিত সরকার। ক্ষমতার মসনদে বসে যান সেনাবাহিনী।

এরপর থেকেই দেশটির গণতন্ত্রকামী লোকজন সেনা শাসনের বিরোধিতা করে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে থাকে। এসব বিক্ষোভে গুলি চালিয়ে ছয়শো’রও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর