করোনায় ঢাকায় ৫১ জনের প্রাণহানি, মৃত্যু নেই ময়মনসিংহে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ২৪ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫১ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে কোনো রোগী মারা যায়নি।

অন্যান্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫ জন, রংপুরে ৪ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়।

শনিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বয়সভিত্তিক বিশ্লেষণে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনের মধ্যে দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৩ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ৪৪ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর