আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় যাওয়ার আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিলেন ক্রিকেটাররা।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তাইজুল ইসলাম, সাঈফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা।
এছাড়া সস্ত্রীক করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এর আগে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা।
ক্রিকেটাররা ছাড়াও করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফরাও। গতকাল দেশে ফিরে আজ সকালে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন।
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
বার্তাবাজার/নব