ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতা চলাকালে এক পুলিশ সদস্যের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ।
গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হিন্দুপাড়ার মৃত রমিজ মিয়ার ছেলে মো. মনির মিয়া ও দক্ষিণ কেন্দুবাড়ির মৃত ছামীর আলীর ছেলে আরব আলী।
গুলি উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন।
তিনি বলেন, একজন পুলিশের কোমড়ে রাখা ২০ রাউন্ড গুলি টান দিয়ে নিয়ে যায় ওরা। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে। বিষয়টি তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গুলিগুলো উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ বিকালে মৌলভীবাজারের দুই পুলিশ সদস্য সিএনজি করে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিলেন। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন তারা পুলিশের অটোরিকশাটি আটকে তাদের মারধর করে। এক পুলিশ সদস্যের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেন তারা।
বার্তা বাজার/এসজে