করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু কোথাও আইসিইউ বেড না পাওয়ায় রাত দেড়টার দিকে তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।
হাসান শাহরিয়ারের মৃত্যুতে দেশের সংবাদ মাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে উল্লেখ করেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম।
বার্তাবাজার/নব