ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী ৫৮৬ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য ফাঁস করেছে একটি লো লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম-প্রযুক্তি। শুক্রবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক আইটি শিক্ষার্থী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি একটি হ্যাকার গ্রুপ ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে। এরমধ্যে বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের তালিকা পাওয়া যায়। যেখানে ইবির নাম প্রোফাইলে ব্যবহার করেছেন এমন ফেসবুক আইডির রয়েছে ৫৮৬টি।
আইডির ফাঁস হওয়া তথ্যের মধ্যে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, কর্মস্থল, নাম, ঠিকানা, জন্ম তারিখ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সংশ্লিষ্টতাসহ প্রয়োজনীয় নানা তথ্য রয়েছে।
৫৮৬ জনের তালিকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র শিক্ষক, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা, ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রভাবশালী নেতা, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের কর্মকর্তা, প্রকৌশল দফতরের সিনিয়র কয়েকজন প্রকৌশলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের তথ্য রয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানান, ‘হ্যাকাররা মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেইল আইডি, নাম ঠিকানাসহ নানা তথ্য হ্যাক করতে পারে। তবে স্মার্টকার্ডে উল্লেখিত জন্ম তারিখ হ্যাক করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে যাদের ব্যাংক একাউন্ট রয়েছে তাদের সমস্যা বেশি হতে পারে।’
বার্তাবাজার/পি