করোনার টিকা নিয়ে ভীতি ও সংশয়ের মধ্যেই এইচআইভির (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) টিকার বিষয়ে সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। মানুষের ওপর পরীক্ষা বা হিউম্যান ট্রায়ালে এড্স ভাইরাস এইচআইভি ৯৭ ভাগ কার্যকর বলে দাবি উদ্ভাবকদের।
বিজ্ঞানীদের দাবি, এইআইভি ভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধী কোষ মেরে ফেলে। এই টিকা মানুষের শরীরে অত্যন্ত বিরল একগুচ্ছ প্রতিরোধী কোষকে (‘ইমিউন সেল’) জাগিয়ে তুলতে ৯৭ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। যা এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।
গত বুধবার (৭ এপ্রিল) ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির ‘এইচআইভি রিসার্চ ফর প্রিভেনশন’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানুষের ওপর পরীক্ষার প্রথম দফায় এই টিকা ৪৮ জনের ওপর প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে ৯৭ শতাংশ ক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
গত শতাব্দীর ৮০’র দশকে এইচআইভি ভাইরাস আবিষ্কারের পরপরই ভাইরাসটি মোকাবিলার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। অর্ধ শতকেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি টিকা আবিষ্কার ও পরীক্ষা করা হয়েছে। তবে কোনো টিকাই ৩১ শতাংশের বেশি কার্যকর হয়নি এবং এক বছরের বেশি সময় কার্যকর থাকেনি। ফলে কোনো টিকাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পায়নি। তবে নতুন এই টিকা আশার আলো দেখাচ্ছে বিজ্ঞানীদের।
বার্তাবাজার/পি