এবার জনসনের টিকাতেও রক্ত জমাট বাঁধার ঘটনা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর এবার জনসন অ্যান্ড জনসনের করোনা টিকাতেও রক্ত জমাট বাঁধার খবর পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) এক বার্তায় ইএমএ বলেছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর এ পর্যন্ত ৪ জন রক্ত জমাট বাঁধা সমস্যায় ভুগছেন। ভুক্তভোগীদের একজন ইউরোপের, বাকি ৩ জন যুক্তরাষ্ট্রের। আক্রান্ত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউরোপে যখন জনসন অ্যান্ড জনসনের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল, তখন একজন রক্ত জমাট বাঁধা সমস্যায় পড়েছিলেন। সে সসময় কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল, এই সমস্যার সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি ৩ জন টিকা গ্রহীতার একই সমস্যা হওয়ায় নড়েচড়ে বসেছে ইইউ। টিকা বিষয়ক যাবতীয় তথ্য পুনঃমূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইএমএকে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫০ লাখ মানুষ জনসন অ্যান্ড জনসনের একডোজের করোনা টিকা নিয়েছেন।

ব্লুমবার্গের ইন্টেলিজেন্স শাখার বিশ্লেষক স্যাম ফাজেলি জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে), অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫— টিকা প্রস্তুতের ক্ষেত্রে অ্যাডেনোভাইরাস প্রযুক্তি অনুসরণ করেছে। এই প্রযুক্তি অনুসরণের কারণেই টিকা গ্রহণের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা দিচ্ছে বলে মনে করেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর