এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা করোনায় আক্রান্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।’
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজন ও সমন্বয়ক ছিলেন ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে তিনি মেহেরপুর মহকুমার প্রশাসক (এসডিও) ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। এ জন্য তাকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বার্তা বাজার/এসজে