মহামারি করোনার উর্ধ্বগতি রোধে জনগণকে সম্পৃক্ত করতে সরকারকে ‘সর্বদলীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সময় থাকতে সর্বদলীয় কমিটি গঠন করে করোনা সমস্যার সমাধান করার চেষ্টা করুন। করোনার এ সমস্যা সমাধান জনগণকে ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই বলব আমারা জাতীয় ঐক্য গড়ে তুলে এই সংকট মোকাবিলায় এক সঙ্গে কাজ করি। এক সাথে কাজ করে দেশ বাঁচাই, মানুষ বাঁচাই।
ফখরুল বলেন, এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন তা হলো মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা। আমরা সরকারকে আহ্বান করব, প্রতিটি ইনফরম্যাল সেক্টরের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। এই ইনফরম্যাল সেক্টরে যারা শ্রমিক রয়েছেন বিভিন্ন দোকান-শিল্প কলকারখানায় তাদেরকেও ভাতা প্রদান করতে হবে। যত দিন এই সমস্যা থাকবে বিশেষ করে লকডাউন থাকবে তাদেরকে ভাতা প্রদান করতে হবে। বিশেষ করে যারা একেবারে দিন আনে দিন খায় মানুষ তাদেরকে ব্যাপক হারে ত্রাণ সামগ্রী দিতে হবে। তাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য।
সব মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, বাংলাদেশকে যদি হার্ড ইমিউনিটির মধ্যে আনতে হয় তাহলে কমপক্ষে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রশ্ন হচ্ছে, সাড়ে ১২ কোটি টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয়নি। আমরা আজকে দেখলাম, চীন ও রাশিয়া থেকে তারা টিকা আনার কথা ভাবছে। এখন আমাদের এই মুহুর্তে দরকার। এক বছর আগে থেকে এটা করলেন না। এক বছর ব্যস্ত থাকলেন তাদের বিভিন্ন বর্ষ উদযাপনে মেগা প্রজেক্ট, ডেভেলমেন্ট প্রজেক্ট সেগুলো নিয়ে।
তিনি বলেন, আমরা প্রস্তাব রাখতে চাই- মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য সাড়ে ১২ কোটি টিকা সংগ্রহ করতে হবে। এই টিকা সংগ্রহ করা জন্য সরকারের উচিত হবে এখনই এই মুহুর্তে ব্যবস্থা গ্রহণ করা। রোডম্যাপ তৈরি করা কীভাবে আসবে, কীভাবে বিতরণ হবে, কীভাবে যাবে জনগণের কাছে।
করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, করোনা পরীক্ষার অপ্রতুলতাসহ যে দুরাবস্থা চলছে তার জন্য সরকারের ‘ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা’কে দায়ী করেন বিএনপি মহাসচিব।
বার্তাবাজার/ই.এইচ.এম