মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বদলীয় কমিটি গঠনের মাধ্যেম জনগণকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ মার্চ) বিকালে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। করোনা পরিস্থিতির কারণে রাজধানীর উত্তরাতে অবস্থিত নিজের বাসভবন থেকে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে সর্বদলীয় কমিটি গঠন করে এই সমস্যার সমাধান করা যাবে। বিশাল চ্যালেঞ্জ তা জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংকট মোকাবিলায় উদ্যোগ নেই- মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।
তিনি বলেন, এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন তা হলো মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা। আমরা সরকারকে আহ্বান করব, প্রতিটি ইনফরম্যাল সেক্টরের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। এই ইনফরম্যাল সেক্টরে যারা শ্রমিক রয়েছেন বিভিন্ন দোকান-শিল্প কলকারখানায় তাদেরকেও ভাতা প্রদান করতে হবে। যত দিন এই সমস্যা থাকবে বিশেষ করে লকডাউন থাকবে তাদেরকে ভাতা প্রদান করতে হবে। বিশেষ করে যারা একেবারে দিন আনে দিন খায় মানুষ তাদেরকে ব্যাপক হারে ত্রাণ সামগ্রী দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, বাংলাদেশকে যদি হার্ড ইমিউনিটির মধ্যে আনতে হয় তাহলে কমপক্ষে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রশ্ন হচ্ছে, সাড়ে ১২ কোটি টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয়নি।
বার্তা বাজার/এসজে