কেমন হবে এবারের কঠোর লকডাউন?

আগামী ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এর আগে ৫ এপ্রিল থেকে ঘোষিত লকডাউনে ঢিলেঢালাভাবে সব কিছু চললেও ১৪ তারিখ থেকে পুরোপুরি লকডাউন কার্যকর হবে। এসময় বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও যানবাহন

শুক্রবার (৯ এপ্রিল) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আসন্ন লকডাউন নিয়ে তিনি বলেন, সর্বাত্মক লকডাউন বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না। এখন যেমন কিছু কিছু বিষয়ে নমনীয়তা দেখানো হচ্ছে, সেটি হয়তো তখন আর করা হবে না।

তিনি বলেন, বর্তমানে যে লকডাউন চলছে সেখানে সব ধরনের গণপরিবহন চলছে। বাজার, শপিং মল খোলা হয়েছে। অফিস-আদালত, ব্যাংক, বিমা সবকিছুই খোলা। বেসরকারি খাতের সবকিছুই খোলা। খোলা রয়েছে শিল্প-কলকারখানা। তবে ওষুধের দোকান, নিত্যপণ্যের দোকান জরুরি সেবার মধ্যেই পড়ে। তাই এগুলো সর্বাত্মক লকডাউনেও খোলা রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দোকান খোলা রাখার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতে পারে। আর সরকারের অন্যান্য জরুরি সেবা হলো বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, স্বাস্থ্য, ত্রাণ বিতরণ, স্থলবন্দর, ইন্টারনেট, অত্যাবশ্যকীয় পণ্য আনা-নেওয়া ও এর সঙ্গে জড়িত অফিসগুলো।

আগামী রোববার নতুন ঘোষিত লকডাউন সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর