পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়ির খাবারে মাংস কম দেওয়ায় কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে বিপিনপুর গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার সাথে বিয়ে ঠিক হয় একই গ্রামের তোফাজ্জলের ছেলে আরিফের। শুক্রবার ধার্য করা বিয়ের দিন ছেলে পক্ষের লোকজন মেয়ের বাড়িতে যান বিয়ের আনুষ্ঠানিকতার জন্য।
দুপুরের খাওয়ার সময় খাবারে মাংস কম দেওয়ায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা জড়িয়ে পড়ে সংঘর্ষে।
এতে রাসেল, সেলিম ও হাসানসহ অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় এ তিনজনকে স্থানীয় কলাপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এসজে