মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ওপর হামলার সত্যতা মিলেনি

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি করা জান্নাত আরা ঝর্ণার ওপর সন্ত্রাসী হামলার কোনো সত্যতা মিলেনি। পুলিশি তদন্ত ও স্থানীয়দের বক্তব্যেও এমন কোনো সত্যতা পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে নতুন নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয়তো মামুনুল হক এমন কিছু করতে পারেন।

রয়েল রিসোর্টের বিতর্কিত ঘটনার পর সব ফেসবুক লাইভে ভিডিওতেই মামুনুল হককে দেখা যায় পরিপাটি পোশাকে। তবে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনগত রাতে তিনি ঘুমের পোশাক পরেই লাইভে আসেন।

সেখানে তিনি বলেন, কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করে প্রশাসনের কাছে হস্তক্ষেপ চান মামুনুল।

এই অভিযোগের সত্যতা প্রমাণে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় নি। তারা এমন কোনো ঘটনার কথা জানেনও না।

ফেসবুক লাইভের মামুনুলের বক্তব্যের সূত্রে তদন্ত নামে পুলিশ। তবে সেই তদন্তে কোনো সত্যতা পায়নি তারা। কোনো হামলার আলামত মিলেনি।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে এ অভিযোগের কোনো সত্যতা পাইনি। ওই মাদরাসার শিক্ষকরাও এমন কিছু হয়নি বলে জানিয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দৃষ্টি ফেরাতে মামুনুলের এমন নাটক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর