এবার ফাঁস হলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকের তথ্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার’শর বেশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর ফেসবুক আইডির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ, প্রোফাইল ও ই-মেইল ঠিকানা

সম্প্রতি বিশ্বের ১০৬টি দেশের ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়। এসব তথ্য ফাঁস করে একটি নিম্ন শ্রেণির হ্যাকিং গোষ্ঠী বেশ আলোচনার জন্ম দেয়। অনেকটা বিনামূল্যে এসব তথ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রায় ৫০০ জনসহ বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ইউনিভার্সিটি অব স্কলার্সের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের কিছু শিক্ষার্থী হ্যাকিংয়ের শিকার বেরোবির ফেসবুক ব্যবহারকারীদের নাম ও তালিকা সংগ্রহ করেছে। ফেসবুক এর ডেটা লিক হওয়া নতুন কিছু না। ২০১৮ সালের ক্যামব্রিজ এনালাইটিকা ডেটা লিক হওয়া সম্পর্কে আমরা সবাই জানি।

জানা যায়, ব্যক্তিগত ভাবে এরকম ডেটা লিক প্রতিরোধ করার জন্য বেশি কিছু করার নেই। তবে, বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক দিয়ে লগইন করা, নানারকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা, অনেক ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করা, কমন ও সহজ পাসওয়ার্ড ব্যবহার করা ইত্যাদি ব্যবহারকারীর একাউন্ট ঝুকির মধ্যে ফেলে।

উল্লেখ্য, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল মন্তব্য করেনি। এর আগে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিশ্বের বৃহত্তম এ সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ফাঁস হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর