ইমাম যখন ইয়াবা ব্যবসায়ী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১১পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, নেত্রকোনার দূর্গাপুর উপজেলার রামনগর কাকজোড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আল আমিন। দূূর্গাপুরের জারিয়া চরেরভিটা মসজিদের ইমাম হিসেবে গত অন্তত দেড় বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৮ মার্চ নূরানী মুয়াল্লিম হিসেবে প্রশিক্ষণ নিতে ভর্তি হন যাত্রাবাড়ি কাজলারপাড় প্রধান নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে। কিন্তু সরকারি ভাবে মাদ্রাসা বন্ধ ঘোষণা করে দেওয়ার পর ওই প্রতিষ্ঠানটিও বন্ধ করা হয়। ছুটি পেয়ে আল আমিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের টাঙ্গনগাতি গ্রামের ফুফুর বাড়িতে বেড়াতে যান।

ফুফাতো ভাই ইমনের মাধ্যমে সংগ্রহ করেন কিছু ইয়াবা। সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে খবর পায় পুলিশ। হারুয়া বাসস্টেশন এলাকায় আল আমিনকে টার্গেট করে তল্লাশি শুরু করেন ঈশ্বরগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ জিহাদ। উদ্ধার করা হয় ১১ পিস ইয়াবা।

পরে তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এসআই জিহাদ বাদি হয়ে থানায় মাদক আইনে একটি মামলা করেন। শুক্রবার ইমাম আল আমিনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলো আল আমিন। তাকে ইয়াবাসহ গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুল হক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর