নজরদারির কারণে বায়তুল মোকাররমে মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধার অভিযোগ

ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারির কারণে নামাজ পড়তে অসুবিধা হয় বলে অভিযোগ করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লিরা। শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর তারা এই অভিযোগ করেন।

এদিন কোনো ইসলামি সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল না। তবুও নামাজ শেষে কিছু মুসল্লি বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেত হতে শুরু করে। তখন সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে ক্ষিত হন মুসল্লিরা।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের শেষে মোনাজাতের পর মুসল্লিদের অনেকেই বের হয়ে যান মসজিদ থেকে। তবে ২ শতাধিক মুসল্লি উত্তর গেটের সিঁড়ির ওপর সমাবেত হন। তখন পুলিশের অবস্থান ছিল এর সামনের সড়কে। মুসল্লিরা তখন কোনো শ্লোগান না দিলেও সাংবাদিকরা তাদের সাথে কথা বলেন ও ছবি তোলেন।

এ সময় মুসল্লিরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ছবি ও ভিডিও করার কারণ জানতে চান। তখন সাংবাদিকদের কেউ কেউ পেশাগত কারণে ছবি তোলার বিষয়টি উল্লেখ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ সময় মুসল্লিদের অনেকেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন, তারা দেখে একটা, লেখে আরেকটা। ক্যামেরা দিয়ে নজরদারির কারণে তারা ঠিকমতো নামাজ পড়তে পারেননি।

তখন বিক্ষুব্ধ ব্যক্তিদের অনেকে দেশের বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরাম্যান ও রিপোর্টারকে খুঁজতে থাকেন। এ সময় সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে আসারও পরামর্শ দেন মুসল্লিদের কেউ কেউ।

নামাজের সময় মসজিদের কাছে পুলিশের সতর্ক অবস্থান সম্পর্কে ডিএমপির মতিঝিল জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, এর আগেও পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই জুমার নামাজ শেষে কর্মসূচির নামের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন হেফাজতকর্মীরা। এ জন্য আজও সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর