৫ বছর পর টেস্ট দলে শুভাগত, কারণ জানালেন নান্নু

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী।

মূলত এনসিএলে ভালো পারফরম্যান্সের কারণে দলে জায়গা পেয়েছেন তিনি। এনসিএলের দ্বিতীয় রাউণ্ডে সিলেটের বিপক্ষে সেঞ্চুরি ও বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। শুভাগতকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, শুভাগত অনেকদিন পর স্কোয়াডে ফিরেছে। সে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি। এছাড়া তার বোলিং আমাদের স্পিন বিভাগকে শক্তিশালী করবে।

এছাড়াও দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। অন্যদিকে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। আইপিএলের জন্য এই সফরে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আগামী ২১ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর