রাতের বেলা মহামারি করোনা যেন বহুগুন শক্তি নিয়ে আক্রমণ করে। আইসিইউএর জন্য চারিদিকে হাহাকার শুরু হয়। রোগীবাহী অ্যাম্বুলেন্স একের পর এক হাসপাতাল ঘুরে ক্লান্ত হয়ে আলো নিভিয়ে দেয়। সাইরেনও বন্ধ করে দেয়।
স্বাস্থ্যসেবার এমন আকাল এর আগে কখনো দেখেননি নগরবাসী।
রাতের নিস্তব্ধতা কাঁচের টুকরোর মত ভেঙে দিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে চলে। মনে মনে শঙ্কা নিয়ে হাসপাতালের ভবনের সামনে পৌঁছাতে পারলেও মিলে না প্রত্যাশিত সেবা। চিকিৎসার জন্য অন্য গন্তব্যে ছুটে চলতে হয়।
ভুক্তভোগীদের মতে, ১৫টার মতো হাসপাতালে ফোন দিয়েছি। বড় বড় সব প্রাইভেট হাসপাতালেও কল দিয়েছি। আইসিইউ কোথাও নেই। বেডও পাচ্ছি না।
বিকেল থেকে সন্ধ্যা, কিংবা সন্ধ্যা থেকে গভীর রাত, স্বজনের চিকিৎসায় দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আইসিইউ তো দূরের কথা, মিলছে না সাধারণ শয্যাও। নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে। সিট না পেয়ে ভেঙে পড়ছেন হতাশায়।
তারা বলেন, সাভার থেকে ঢাকায় পাঠিয়েছে। এখানে সিট নেই। এখন আবার সাভার চলে যাচ্ছি। শুধু গাড়ি ভাড়াই দিয়ে যাচ্ছি। সময়ের কাছে হার মেনে, সব চেষ্টা বৃথা করে দিয়ে কেউ আবার অ্যাম্বুলেন্সেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। এই মহামারি করোনায় প্রতিদিনই হু-হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ।
বার্তা বাজার/এসজে