সরকার ধর্মব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করবে: কাদের

সরকার ধর্মব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। কোনো অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে এ দেশের মুসলমানরা তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি।

তিনি আরও বলেন, কতিপয় স্বার্থান্বেষী ও উচ্চ-বিলাসী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে।

শুক্রবার (৯ এপ্রিল) ওবায়দুল কাদের তার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে। অন্যদিকে বিএনপি দরজা জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে। আর এটিই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। বিএনপি ক্ষমতায় আসা মানে দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া, জনগণ তা ভালোভাবেই জানে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর