মামুনুলকাণ্ডে ‘পুরুষশুন্য’ ৭ গ্রাম!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আটকের খবর পেয়ে ছাতক পৌর শহরে তার সমর্থকদের মিছিল থেকে ছাতক থানায় হামলা-ভাঙচুর ও ৫ পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশুন্য রয়েছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর, রহমতপুর, ছড়ারপাড়, বাহাদুরপুর, পৌর শহরের চরেরবন্দসহ কয়েকটি গ্রাম।

গত রবিবার রাতে হামলার পর ৯৫ জনের নাম উল্লেখ করে মোট ৯০০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

মামলার পর থেকে গ্রামের বাসিন্দারা আতঙ্কে বসত-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন পুরুষকে দেখা গেলেও রাতে সে সংখ্যা নেমে আসে শূণ্যের কোটায়। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছেন। থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (ছাতক সার্কেল) নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য ছাতক পৌর শহরসহ গনেশপুর গ্রামে মহড়া দিতে দেখা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) মিজানুর রহমান জানান, প্রকৃত দোষীদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে কোনো অপরাধি ছাড় পাবে না। পুলিশ এ ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর