কক্সবাজারে র্যাবের গুলিতে মাদক পাচারকারী আহত: অস্ত্র ও ইয়াবা জব্দ
কক্সবাজারে র্যাবের সাথে মাদক পাচারকারীদের গুলি বিনিময়ের ঘটনায় এক পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে। এসময় চার হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড তাঁজা কার্তুজসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। গুলিবিদ্ধ ব্যক্তিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে লিংক রোডের মেরিন সিটি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোঃ শেখ সাদী।
আটককৃতরা হলো- কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরী পাড়ার মো. আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান বাবু (১৭) এবং রামু কাইম্যারঘোনার আব্দুল করিমের ছেলে মোঃ তারেকুল ইসলাম (১৯)।
র্যাব জানায়, বিকেলে মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মেরিন সিটি হাসপাতালের সামনে অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা র্যাব সদস্যদের উপর গুলিবর্ষণ করে। জবাবে র্যাব পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয় অপরজনকে ধাওয়া করে আটক করে। পরে ঘটনাস্থল তল্লাশী করে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড তাঁজা কার্তুজ ও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও অস্রসহ আইনী প্রক্রিয়ায় এক জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপর জনকে চট্টগ্রাম মেডিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস