লকডাউন আরও বাড়ানোর পরামর্শ

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়াতে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসাথে বর্ধিত লক ডাউন পুরোপুরি কার্যকরের জন্য ব্যবস্থা গ্রহণ করতেও তারা বলছেন।

গত ৬ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতাকে গণমাধ্যমে অভিহিত করা হচ্ছে লকডাউন হিসেবে। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, ‘লকডাউন’ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে না। সরকারের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী রোববার (১১ এপ্রিল)।

সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে গিয়ে এক দিন কিছু কমা এটা ইতিবাচক কোনো প্রভাব বলা যায় না বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন। তাদের মতে, অন্তত টানা ৫/৭ নিম্নমুখী না হলে এটা ইতিবাচক কোনো হিসাবে আনা যাবে না।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, লকডাউন ঘোষণা করা হলেও লকডাউনের কিছুই মনে হয়নি। আমরা ভয়াবহন বিপদজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। লকডাউন কঠোর করতে হবে। লকডাউন দিলে অন্তত দুই সপ্তাহ দিয়ে দেখতে হবে পরিস্থিতি কী হয়। না হলে এক সপ্তাহ লকডাউন দিয়ে কোনো লাভ নেই। যেভাবে লকডাউন চলছে, এতে পরিস্থিতি কিছু বোঝা যাবে না।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন বলেন, যদি স্বাস্থবিধিই মানা না হয় তাহলে লকডাউন তো কোনো কাজে আসবে না। এক সপ্তাহের লকডাউনে কোনো কিছু বোঝা যাবে না বা কোনো প্রভাবও পড়বে না। অন্তত আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো উচিত। দুই সপ্তাহ কঠোরভাবে মেনে চলা হলে একটা ইতিবাচক ফলাফল বোঝা যায়।

এ বিষয়ে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এবিএম আব্দুল্লাহ বলেন, লকডাউন বলতে যেটা বোঝায় সেটা হয়নি। লকডাউন মানে সবকিছু বন্ধ রাখতে হবে। এভাবে লকডাউন দিয়ে কিছু হবে না। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে হবে, মানাতে বাধ্য করতে হবে। প্রয়োজনে পুলিশ-র্যাব আর্মি এদের সহযোগিতা নিতে হবে। সূত্র- বাংলানিউজ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর