এবার নারায়ণগঞ্জের থানায় বসানো হলো মেশিনগান

নারায়ণগঞ্জের ৭টি থানা ও এর অধীনে থাকা ৮টি ফাঁড়িতে নিরাপত্তার জন্য বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) চৌকি। বুধবার (৭ এপ্রিল) রাত থেকে এসব ফাঁড়ি ও থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

একইসাথে পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি করে এসব চৌকিতে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে জেলার আড়াইহাজার থানায় গিয়ে দেখা যায়, থানার ছাদের ওপর গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপী ও জেলার ৭টি থানা ও ৮টি ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর