তাহিরপুর সীমান্তে এবারও হচ্ছে না সম্প্রীতির মেলাবন্ধন!

দেশে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ৭’শ বছরের ঐতিহ্যবাহী গঙ্গা স্নানোৎসব ও পণতীর্থ বারুণী মেলাতে গত বছরের ন্যায় এবারও ছেদ পড়েছে। অপরদিকে পণতীর্থ মেলার তারিখের সঙ্গে মিল রেখে লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে মৈত্রী ও সম্প্রতির প্রতীক সাধক শাহ আরফিন(রহ.) এর ওরসও একই কারনে উদযাপন করা হচ্ছে না।

সব মিলিয়ে দুই ধর্মের দুই সাধকের লাখো ভক্তের আগমনে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয় তা এবছরও দেখা যাচ্ছে না। যে জন্য পূণ্যার্থী ও শাহ আরেফিনের ভক্তহৃদয়ে বাজছে আশাহত বিষাদের সুর।

শুক্রবার (৯এপ্রিল) উপজেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগড়ের শাহিদাবাদে হযরত শাহ আরেফিন(রহ.) তিনদিন ব্যাপী বার্ষিক ওরস ও মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব উপলক্ষে সীমান্তবর্তী জাদুকাটা নদীর দুই পাড়ে গঙ্গা স্নানোৎসব ও পণতীর্থ মেলা উদযাপনের দিনক্ষণ ধার্য ছিল।

গত বুধবার(৩১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করানো ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভায় শাহ আরেফিন(রহ.) ওরস, পণতীর্থ মেলা ও স্নানোৎসব বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি পর্যটন স্পটগুলোতে জনসমাগম এড়াতে ১৪ দিনের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

গড়কাটি সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্রের সাবেক সভাপতি গণেশ তালুকদার বলেন, গত বছরও একই কারণে গঙ্গা স্নানোৎসব ও বারুণী মেলা বন্ধ ছিল। এ বছরও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গঙ্গা স্নানোৎসবের সকল কার্যক্রম বন্ধ থাকবে। দূর দূরান্তের অনেকে স্নানোৎসবে আসার আগ্রহ দেখালেও আমাদের পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে।
শাহ আরেফিন ওরস উদযাপন ও পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির জানান, জেলা প্রশাসনের নির্দেশনানুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারনে হযরত আরেফিন(রহ.) এর ওরস উদযাপন বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম, লাউড়( নবগ্রাম) কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় বলেন, সরকারি বিধিনিষেধ থাকায় এবারের গঙ্গা স্নানোৎসবের সকল ধরনের আয়োজন বন্ধ রাখা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শাহ আরেফিন(রহ.) ওরস ও হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা স্নানোৎসবসহ সকল ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা বলবত্ রয়েছে।

এইচ এম আবির/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর