সাভারে প্রথম দিনে ২৬৭ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন

সাভারে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুর ৩.৩০ পর্যন্ত সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ইতোপূর্বে নিবন্ধনকৃত যাদের প্রথম ডোজ নেয়া হয়েছে এমন ২৬৭জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি (মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল) ডা. মোঃ আরমান আহমেদ বার্তা বাজারকে বিষয়টি জানান।

এব্যাপারে এমওডিসি বলেন, আজ সাভারে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। প্রথম দিনে ২৪৫ জন পুরুষ এবং ২২ জন মহিলা সহ মোট ২৬৭ জন টিকা গ্রহন করেছেন। তারা সকলেই সুস্থ রয়েছেন। প্রথম দিন ভ্যাক্সিনের মোট ২৭ ভায়াল ব্যবহৃত হয়েছে বলেও জানান তিনি।

এব্যপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোঃ সায়েমুল হুদা বলেন, আজ থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থে আমরা অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রম পরিচালনা করছি। এর পাশাপাশি নমুনা সংগ্রহ কোন একটি কলেজে করবার পরিকল্পনাও আমরা হাতে নিয়েছি যাতে করে সাধারন ‘নন-কোভিড’ রোগীদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

ডা. হুদা জানান, দ্বিতীয় ডোজের পাশাপাশি আমরা প্রথম ডোজ প্রদানও চলমান রেখেছি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ১৩৪ জন পুরুষ ও ৪৬ জন মহিলা সহ মোট ১৮০ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

তিনি আরও বলেন, এপর্যন্ত সাভারে মোট ৫৪৩৮২ জন টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। ৮ এপ্রিল পর্যন্ত ৩১২৫৬ জন পুরুষ এবং ১২৮২৩ জন মহিলা সহ মোট ৪৪০৭৯ জন কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এক্ষেত্রে মোট ৪৪৬০ ভায়াল ভ্যাক্সিন ব্যবহৃত হয়েছে বলেও তিনি জানান।

সাভারে টিকা কার্যক্রমে অংশ নেয়া যুব রেড ক্রিসেন্ট দলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীদেরকে তাদের এই ভলান্টিয়ার কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান ডা. সায়েমুল হুদা।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর