হেফাজতে ইসলাম বাংলাদেশকে একাত্তরের পরাজিত শক্তি আর নব্য রাজাকারের দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু-উল আলম হানিফ বলেছেন, তারা দেশকে আফগানিস্তান-পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। মাদরাসায় বসে জঙ্গি কার্যক্রমের মাধ্যমে দেশকে অশান্ত করার মিশনে নেমেছে। এরই অংশ হিসাবে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াও করে যাচ্ছে তারা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।
হানিফ বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে তারা রেহাই পাবেন না। যারা দেশের উন্নয়ন এবং অগ্রগতি মেনে নিতে পারেনি, যারা একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের দল জামাত তাদের দোসর বিএনপি আর নব্য রাজাকারের দল হেফাজত ইসলাম একত্র হয়ে এই নারকীয় হামলায় অংশ নিয়েছে।
তিনি বলেন, হেফাজত ইসলাম মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী। এরা বাংলাদেশের সংবিধান মানতে চায়না, এরা দেশের জাতীয় সঙ্গীত গাইতে চায়না, এরা জাতীয় পতাকাও সম্মান করতে চায়না। এরা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। যার কারণে এরা কোনো ইস্যু ছাড়াই এ ধরণের হামলা চালিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রিয় এই নেতা দৃঢ়ভাবে বলেন, এরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত, জ্বালাও-পোড়াও করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে কঠোর আইনের আওতায় আনা হবে। একজনকেও রেহাই দেয়া হবে না। আমরা প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি, যারা সরাসরি হামলায় জড়িত, যারা ইন্ধন দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, তারা যে দলেরই হোক, যত শক্তিশালী ব্যক্তিই হোক তাদের বিচার করা হবে।
বার্তা বাজার/এসজে