চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮টি আইসিইউ উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন যুক্ত হওয়া ৮ আইসিইউ শয্যার বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপ মন্ত্রী বলেন, গতবছর করোনা শুরুর আগে আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-কে একভাবে দেখেছিলাম। করোনার শুরুর আগে যেখানে এই হাসপাতালে একটি আইসিইউ ও ছিল না সেইখানে আজকে উদ্বোধন হওয়া ৮ টি সহ মোট ১৮ টি আইসিইউ শয্যা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় যা সম্ভব হয়েছে। কোন কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। ১ বছরের ভিতরে যুগান্তকারী পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, কখনো বলে এসেছি আবার অনেক সময় না বলেও এসেছি কিন্তু যখনই জেনারেল হাসপাতালে এসেছি এইখানে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলকে পেয়েছি। অনেক জায়গায় চিকিৎসক-নার্সের সংকট থাকলেও সবসময় এইখানে স্বাস্থ্যসেবা সাথে জড়িতদের উপস্থিতি আমি দেখেছি। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, গত ১ বছর আগে করোনার প্রকোপ যখন শুরু হয়েছিল তখন স্বাস্থ্য সেবার যে সংকট ছিল তা অনেক টা কেটে গেছে। এখন প্রায় সকল বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হচ্ছে।প্রথম দিকে তেমন কোন ধারণা না থাকলেও আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলে করোনা ভাইরাসের চিকিৎসার বিষয়ে এখন বেশ অভিজ্ঞ। কিন্তু করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে হলে যথাযথ স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহারে কোন বিকল্প নেই বলে তিনি জানান।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুর রফ,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।

সুমন শাহ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর