টাঙ্গাইলের ৪২টি কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু
টাঙ্গাইল জেলার ৪২টি কেন্দ্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে গিয়ে তিনি এ টিকা গ্রহণ করেন। এছাড়া দুপুরের দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দ্বিতীয় দফায় করোনা টিকা নিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি।
এ সময় অন্যান্যের মধ্যে টিকা নেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, জেলার মোট ৪২টি কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নয়টি কেন্দ্র ও বাকি ১১টি উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথ স্থাপন করা হয়েছে। প্রতি বুথে দুইজন করে টিকাদান কর্মী ও চারজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এছাড়া প্রথম ডোজের টিকা যারা নেননি, তারা নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারবেন।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আমাদের দেশে টিকা এসেছে। টাঙ্গাইলে আমি প্রথমে টিকা নিয়েছি এবং দ্বিতীয় বার আমি প্রথম নিলাম আর এতে আমি আনন্দিত। আজ থেকে আমি সুরক্ষিত। আমি চাই টাঙ্গাইলে যারা টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন তারা পর্যায়ক্রমে সবাই টিকা গ্রহণ করবেন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি