সিরাজগঞ্জ সরকারি কলেজের ৩২ শিক্ষার্থী পড়বে মেডিকেলে

যমুনা বিধৌত জনপদ সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হলো সিরাজগঞ্জ সরকারি কলেজ। এ কলেজ থেকে এবার ৩২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন।

গত রোববার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত এ ফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহ বলেন, খুবই আনন্দ লাগছে, ছোটকালের স্বপ্ন যেনো বাস্তবায়নের পথে। এ সুযোগ পাওয়ার পেছনে আমাদের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা ছিল। একই কথা জানান কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সুমাইয়া খাতুন ও রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মোছা. সামিয়া খাতুন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ওই কলেজ সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় ওই কলেজের বিজ্ঞান বিভাগ হতে ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদিকে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ টি.এম সোহেল।

তিনি জানান, এরই মধ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২ জনের সুযোগ পাওয়ার খবর নিশ্চিত করা গেছে। এ সংখ্যা আরো বাড়বে, কারণ এখনো অনেকের খবর আসছে আমাদের কাছে। শুধু মেডিকেলে না, অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাবে আমাদের বিশ্বাস।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর