ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে মেয়রের দায়িত্ব গ্রহণ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ ও পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খোলায় আকাশের নিচে।
বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকালে দেড়শ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়ে নতুন মেয়াদের দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত মেয়র নায়ার কবির বলেন, আজকে দ্বিতীয়বারের মতো আমার এই দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠান আনন্দের হলেও এটি নস্যাৎ করে দিয়েছে গত ২৮ মার্চের হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-টি আজ প্রাণহীন। পুড়িয়ে দেওয়া হয়েছে সকল নথিপত্র, রেকর্ডপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। তাই বাধ্য হয়েই আজ খোলা আকাশের নিচে রাস্তায় বসে আমি মেয়রের দায়িত্বভার গ্রহণ করছি।
তিনি এই পরিস্থিতিতে পৌরসভার সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যেই নাগরিক সেবা চালু করা হবে আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
বার্তাবাজার/পি