মামুনুল হককে গ্রেফতার করতে খোঁজছে আইনশৃঙ্খলা বাহিনী, পাচ্ছে না
রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বেশ কয়েকটি মামলায় গ্রেফতারের জন্য হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে বুধবার (৭ এপ্রিল) রতাভর খোঁজেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে পুলিশের ভাষ্য, অভিযান অব্যহত আছে, যেকোনো সময় তাকে গ্রেফতার করা হবে।
এর আগে বুধবার সন্ধ্যা থেকেই ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে মামুনুল হক আটক হয়েছেন। এই তথ্য নিশ্চিতের জন্য হেফাজতের নেতা ফজলুল করিম কাশেমীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রকম খবর শোনেননি। তাকে (মামুনুল) কেউ আটক বা গ্রেফতার করেনি। মামুনুল কোথায় আছেন জানতে চাইলে কাশেমী বলেন, তার কাছে নেই। তবে এক জায়গায় আছে, বলা যাবে না।
এরপর সারারাত অবধি বেড়েছে মামুনুল হক গ্রেফতারের গুঞ্জন। এক সময় জানা যায়, ডিবি পুলিশের একটি দল মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামুনুল হককে গ্রেফতার করা হয়নি।
অনেকক্ষণ পরে মোহাম্মদপুর এলাকায় কর্মরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, মামুনুল হক এখনো আটক বা গ্রেফতার হননি। বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। দিবাগত রাত আড়াইটায় তিনি জানান, এখনো অভিযান অব্যাহত আছে। অভিযানে কারা আছে জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত আছেন।
তিনি বলেন, সম্ভাব্য যে কয়টি জায়গায় অভিযান চালানো হবে তার মধ্যেই তাকে (মামুনুল) ধরা সম্ভব হবে। তবে, সেটি রাতে নাকি দিনে তা বলা যাচ্ছে না।
অপর একটি সূত্র জানায়, মোহাম্মদপুর বছিলা ব্রিজ সংলগ্ন জামিয়া আরাবিয়া মাদরাসার সামনে সন্ধ্যা থেকে পুলিশ মোতায়েন ছিল। ওই মাদরাসা পরিচালনার দায়িত্বে আছেন মামুনুল হক। রাত ১১ টার দিকে পুলিশ সেখান থেকে চলে যায়।
এরপর রাত ১২ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মামুনুল হককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ বিষয়ে জানতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মামুনুলকে গ্রেফতার করা হয়নি। যারা বলেছে তারা রং মেসেজ দিয়েছে।
বার্তা বাজার/এসজে