তরুণীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ ছাত্রলীগ নেতার নামে

প্রেমিকাকে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে যায়। তারপর ট্যাবলেট খাইয়ে গর্ভপাত ঘটানো হয় প্রেমিকার। এমনই গুরুতর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের বিরুদ্ধে।

এই ঘটনায় গত ৪ এপ্রিল আদালতে একটি মামলা দায়ের করেছেন ছাত্রলীগ নেতার ভুক্তভোগী প্রেমিকা। মামলাটি আমলে নিয়েছেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার।

তদন্তভার ন্যস্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর। আগামী ২৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, শহরের অন্যতম বিদ্যাপীঠ গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে লুৎফর রহমান নয়নের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২০ অক্টোবর ওই তরুণীকে শহরের গাইটাল এলাকায় জুয়েল রানা নামে তার এক বন্ধুর বাসায় নিয়ে যান নয়ন। সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী তরুণী তখন কান্নাকাটি করলে নয় তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দেন। চলতি বছরের জানুয়ারি মেয়েটি জানান তিনি অন্তঃসত্ত্বা।

এরপর নয়ন জানান, গর্ভের সন্তান নষ্ট করলে এক সপ্তাহের মধ্যেই তাকে বিয়ে করবেন। সরল বিশ্বাসে ওই তরুণীও রাজি হন। নয়ন তাকে ট্যাবলেট খাইয়ে গর্ভপাত করান। এরপর থেকে বিয়ের জন্য বললেও এড়িয়ে যান নয়ন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর