যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা দান
বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে যশোরে করোনাভাইরাসের ভ্যাকসিনের (টিকা) প্রথম দফায় দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। গতকাল (০৭ এপ্রিল) বুধবার সকালে ৭৮ হাজার ডোজ ভ্যাকসিন যশোরে এসে পৌঁছায়।
স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রাখতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আটটিসহ গোটা জেলায় ৩৬টি বুথে চলছে টিকাদান কার্যক্রম।
গত ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি প্রথম ভ্যাকসিনের ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্যে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। যশোর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।
যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বার্তা বাজার কে বলেছেন, ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর ৮সপ্তাহ অর্থাৎ ৫৬দিন পার হওয়াদের দ্বিতীয় ডোজ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে ভ্যাকসিন গ্রহণের জন্য দেড় হাজারের অধিক মানুষকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও সক্ষমতানুযায়ী ভ্যাকসিন দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।
যশোরে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। ফলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সকলকে নিরাপদ করার জন্য স্বাস্থ্যবিভাগ কাজ করে যাচ্ছে। সুতরাং মোবাইলে এসএমএস না পেলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য কেন্দ্রে এসে ভিড় না করার অনুরোধ করেছেন যশোর সিভিল সার্জন।
এদিকে, গতকাল (৭ এপ্রিল)বুধবার দুপুরের পর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন প্রদানের সার্বিক প্রস্তুতি ও সেখানে স্থাপিত বুথ পরিদর্শন করেন যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বার্তাবাজার/পি