৬৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা গ্রামের রাজেন এর ছেলে রঞ্জিত (৩৫)। একই গ্রামের মানিক এর ছেলে শাহ আলম (৩৮) ও একই এলাকার নুর ইসলাম এর ছেলে বাবু মিয়া (২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর রাতে মাদক কারবারির একটি দল উপজেলার ডায়নার পার হতে কালিগঞ্জ নৌকা ঘাট যাওয়ার পথে কুকুরের ঘেউ ঘেউ শব্দে স্থানীয়রা মাদক কারবারিদের উপস্থিতি টের পায়। পরে স্থানীয়রা মাদক কারবারিদের দলকে ধাওয়া করলে তিন জন ব্যতীত বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এতে স্থানীয়রা ওই তিন জন মাদক কারবারিসহ তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তায় ৬৮ কেজি গাঁজা আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পাঁচটি বস্তায় ৬৮ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃত আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর