আলফাডাঙ্গায় দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দ্রব্যমূল্যের দামের লাগাম টানতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে পৌর বাজারের তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২৩ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইনে পণ্যের মূল্য তালিকা না থাকায় ফারুক ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা দেওয়া অপর দুই ব্যবসায়ী হলেন, পৌরসদর বাজারের ওহিদুজ্জামান মিলনকে ১০ হাজার, বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বার্তাবাজারকে জানান, ‘মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভি.এস