বগুড়ায় শিক্ষার্থীদের মেস ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা মোতাবেক বুধবার সকাল থেকে বগুড়ার সেউজগাড়ী, জামিলনগর, সবুজবাগ, জহুরুলনগর, পুরান বগুড়া, কামারগাড়ীসহ অন্যান্য এলাকায় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ দেন। এদিকে দ্রুত মেস ছাড়ার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
শহরের পুরান বগুড়া এলাকার মেসে থাকা সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী মেহেদুল ইসলাম জানান, আগামীকাল (৮ এপ্রিল) সকালের মধ্যে মেস ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে রবি নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের মেস ছাড়ার কথা বলে হয়েছে। কিন্তু বাসায় থাকলেও মেস ভাড়া আমাদের দিতে বিপাকে পরতে হয়। তাই মেস মালিকদের মেস বন্ধের নির্দেশনা দিলে আমাদের আর ভাড়া দিতে হতো না।
মেস বন্ধের নির্দেশনার ব্যাপারে জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। লকডাউন ঘোষণা করেছে সরকার। মূলত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শিক্ষার্থীদের দ্রুত মেস ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, সরকারি নির্দেশনা মোতাবেকই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খালিদ হাসান/বার্তাবাজার/ভি.এস