হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল ও পিক আপের মুখোমুখি সংঘর্ষে আমির খান শিপন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) দুপুরে পুরান ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাত্রলীগ নেতা শিপন হবিগঞ্জের চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি পৌরসভার গড়াইল এলাকার নাছির খানে ছেলে।
দুর্ঘটনার বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, শিপন ও চান মিয়া নামে এক যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেলযোগে মাধবপুরের দিকে আসার সময় দুপুর ১টার দিকে উল্লেখিত এলাকায় পৌঁছে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত ও চান মিয়া গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পিক আপের চালককে আটকের চেষ্টা চলছে।
বার্তা বাজার/এসজে