করোনা ভাইরাস বিস্তার রোধে সপ্তাহ ব্যাপী লকডাউনের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ বাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত যাত্রী, বেশি ভাড়া আদায় ও সিটি করপোরেশনের বাইরে যাত্রী পরিবহনের দায়ে তাদের ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে নগরীর জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত সেতু এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজকে থেকে মহানগর এলাকায় গণ পরিবহন চলাচল করার কথা থাকলেও সরজমিনে দেখা যায় কিছু চালক সরকারি নির্দেশনা উপেক্ষা করে মহানগরীর বাইরে বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী পরিবহন করছে। এবং গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে। যার ফলে ৫ বাস চালক ও এক মিনি বাস চালককে অর্থদন্ড করা হয়।
তিনি আরও বলেন, মহানগরীতে অনেক বাসে সিটের চেয়ে বেশি যাত্রী পরিবহনের বিষয়টি দেখা যায় এবং বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যায়। যার ফলে কয়েকজন বাস চালকে অর্থদণ্ড করা হয়।এবং সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করে।পাশাপাশি মাস্ক না পরার কারনে ১০ জন যাত্রীকে অর্থদণ্ড করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে ও সাস্থ্য বিধি প্রতিপালনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ূন কবির/শাহ্ সুমন/বার্তাবাজার/ভি.এস