প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টাকারী মুফতি হান্নানের ভাই গোপালগঞ্জের কৃষকলীগ নেতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করার দায়ে অভিযুক্ত প্রধান আসামি মুফতি হান্নানের খালাতো ভাই মাহফুজ হাসানাত কামরুলকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই কমিটিতে থাকা নেতাকর্মীরা। ঘোষিত কমিটি বাতিল করা না হলে তারা কঠর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। এতে মূল বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের বর্তমান সহ-সভাপতি অরুন মল্লিক।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সম্মেলন করতে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়। মুন্সি মাহফুজ হাসানাত কামরুল উপজেলা কৃষক লীগের সাধারণ সদস্য নন। এমনকি তিনি সম্মেলন প্রস্তুতি কমিটিসহ কোনো কমিটিতেও ছিলেন না। তিনি অরাজনৈতিক ব্যক্তি।
তারা আরও বলেন, কামরুলের আপন খালাতো ভাই জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান। তার আপন বড় ভাই মুন্সি সরাফত হোসেন কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। সম্মেলন না করে অর্থের বিনিময়ে রাতের আঁধারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বিতর্কিত কামরুলকে সভাপতি করে গত ৪ এপ্রিল কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের পকেট কমিটি গঠন করেছেন। এতে কৃষক লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক বাবলু হাজরা, যুবলীগ নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার প্রমুখ।
বার্তা বাজার/এসজে