রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

রাজশাহীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ গটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

বুধবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘোষিয়ালপাড়া এলাকার আবদুস সাত্তার (৫৭), তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) এবং একই উপজেলার বোগলা এলাকার বাসিন্দা সিএনজি চালক আনসার আলী (৪১)। আহত হয়েছেন গোদাগাড়ী উপজেলার আচুয়াঠাভাটা এলাকার বাসিন্দা আবু রায়হান শুভ (২৫)।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ‘দুর্ঘটনায় সিএনজিচালক ও নারীযাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আবদুস সাত্তার ও শুভ নামের দুই যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাত্তার মারা যান।

দুর্ঘটনার বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, চারজন যাত্রী নিয়ে রাজশাহীর দিকে আসছিল সিএনজি। পথে মুমারিপুর এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। রামেক হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে গেছেন চালক ও তার সহকারী। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর