এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুর্নীতির দায়ে দেশ পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারকে আবারো তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আরো ১২৮ জনকে তলব করা হয়েছে।
আগামী ২৪ ও ২৫ মে সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (৭ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন। হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও আজ বুধবার (৭ এপ্রিল) এ আদেশের কপি পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এতথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাঁদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম