গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে রাজধানীর গুলিস্তান এলাকায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দোকান মালিক ও কর্মচারীরা।

এ সময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে দোকানিরা ওই এলাকা ছাড়েন। তবে এতে কেউ আহত হয়নি।

বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, দু-একদিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। প্রয়োজন হলে নিজেরাই দোকান খুলবো। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরে যাওয়ায় ভালো। স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর