হেফাজতের হরতালে সহিংসতা, বিএনপির নাসিক কাউন্সিলর গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে র‍্যাব-১১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর