ব্রাজিলে ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি দেশটি।
একই সময়ে নতুন করে আরও ৮২ হাজার ৮৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনে।
দেশটিতে শুধু মার্চেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন করোনায় মারা গেছেন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮৪ জন।
মঙ্গলবার নিজের বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো কোয়ারেন্টাইনের সমালোচনা করেন। কোয়ারেন্টাইন মানুষের মধ্যে বিষন্নতা তৈরি করেছে ও এতে বেকারত্ব বাড়বে বলে জানান তিনি।
তবে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১১ জনের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি বোলসোনারো। ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। হাসপাতালগুলোতে এখন রোগীর ঠাঁই নেই। বেশ কয়েকটি শহরে চিকিৎসা না পেয়ে রোগী মারা যাচ্ছেন।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসের ৯২টি ধরন চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে পি.ওয়ান বা ব্রাজিল ভ্যারিয়্যান্ট, যা মূল স্ট্রেইনের চেয়ে আরও বেশি সংক্রামক।
বার্তাবাজার/নব